কুড়িগ্রামের চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান চিলমারী উপজেলায় যোগদানের পর প্রথমবারের মতো ব্রহ্মপুত্র নদের দ্বীপচর চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় নৌকাযোগে কড়াইবরিশাল ঘাটে পৌঁছালে ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ইউপি সদস্য ও স্থানীয়রা তাঁকে স্বাগত জানান। পরে তিনি ইউনিয়ন পরিষদে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি কড়াইবরিশাল নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ঢুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম এবং একটি সরকারি পরিত্যক্ত স্থাপনা (তৎকালীন মুজিব কেল্লা) ঘুরে দেখেন। এছাড়াও ১২ থেকে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করেন। তিনি চিলমারী ইউনিয়নের জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো পৃথক দুটি রাস্তা পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি ইউনিয়নের মানুষের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বিশেষ করে চরের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।