নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উদ্যোগে সোমবার (১১ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি সামছুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন খান।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি রিপন আকন্দ, সাংগঠনিক সম্পাদক রাসেল খান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শামীম আহমেদ ও আব্দুর রহমান। এছাড়াও ম্যানেজার ফোরামের আল আমীন খান ও জাকির হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ‘দালাল’ আখ্যা দিয়ে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকজন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে পুলিশ আটক করে। এর প্রতিবাদে সারাদেশে আন্দোলন চলছে। তারই অংশ হিসেবে কেন্দুয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়; তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। করোনাকালীন সময়ে দেশের তিন লাখেরও বেশি প্রতিনিধি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবায় কাজ করেছেন। স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও কেন আমাদের ‘দালাল’ তকমা শুনতে হবে—তার তীব্র প্রতিবাদ জানাই।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতি সম্মানজনক আচরণ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।